চট্টগ্রামে ভবনের ছাদে যুবকের লাশ
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার এলাকায় ছয়তলা একটি ভবনের ছাদে এক যুবকের লাশ পাওয়া গেছে।
নিহত সাজ্জাদ হোসেন (২২) রেয়াজুদ্দিন বাজারে তার খালুর একটি মোবাইল ফোনের দোকানে কাজ করতেন। তিনি সাতকানিয়া উপজেলার ফকির পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।
রোববার সকালে যে ভবনের ছাদে লাশ পাওয়া গেছে, সেখানেই খালু খোরশেদ আলম সোহেল তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। সাজ্জাদ সোহেলের স্ত্রী নার্গিস আক্তারের বড় বোনের ছেলে।
তবে শনিবার সোহেল বাসা বদলে চকবাজার মৌসুমী আবাসিক এলাকায় নতুন একটি বাসা ভাড়া নিয়ে উঠেছিলেন বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
লাশ উদ্ধারের সময় সাজ্জাদের পরিচয় পায়নি পুলিশ। পরে বিভিন্ন সূত্রে খবর নিয়ে সোহেলের নতুন বাসায় তার স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়।
ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন বাসায় সোহেলকে পাওয়া যায়নি। তিনি ‘ব্যবসার কাজে’ ঢাকা গেছেন বলে নার্গিস জানিয়েছেন।
সোহেলকে খুঁজতে গিয়ে ওই বাসায় তল্লাশি চালানোর সময় এক হাজারটি ইয়াবা ট্যাবলেট পাওয়ার পর নার্গিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাজ্জাদ হত্যাকাণ্ডেও সোহেলের যোগসাজশ রয়েছে বলে পুলিশের ধারণা। কী কারণে সাজ্জাদকে খুন করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
সাজ্জাদের গলার ডানপাশে জখমের এবং বাম হাতে ব্লেডের কাটা দাগ আছে।
এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে, যাতে সোহেল ও তার স্ত্রী নার্গিসকে আসামি করা হয়েছে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে আরেকটি মামলা হচ্ছে। তাতেও সোহেল ও নার্গিসকে আসামি করা হচ্ছে বলে ওসি জানান।
তিনি আরও জানান, গত বছরের ২ সেপ্টেম্বর কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকা থেকে সোহেলকে ৩০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।
