২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর মৃত সন্তান, ‘ধর্ষক’ পলাতক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

গত শুক্রবার মেয়েটির (১২) একটি মৃত সন্তান হয়। ছাত্রীটি এখন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঝিনাইগাতীর উত্তর ধানশাইল চকপাড়া গ্রামের এ মেয়েটি ধানশাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় মেয়েটির বাবা প্রতিবেশী ইয়ার খানের ছেলে মোশাররফ হোসেন মুছা মিয়ার (২২) বিরুদ্ধে মামলা করেছেন। মুছা মিয়া এখন পলাতক রয়েছেন।

হাসপাতালে ওই ছাত্রী সাংবাদিকদের জানায়, গত বছরের ৪ জুলাই মুছা মিয়া তাকে জোড়পূর্বক একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ওই সময় তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয় এবং একথা প্রকাশ করতে নিষেধ করে।

এরপর মুছা আরও অনেকবার তার সঙ্গে মেলামেশা করে বলে মেয়েটি জানায়।

মেয়টির বাবা ও মা সাংবাদিকদের জানান, মেয়ের কাছে ধর্ষণের কথাটি শুনে এলাকায় শালিস বসালে মুছা মিয়া ওই সন্তান তার নয় বলে জানিয়ে এলাকা ছেড়ে চলে যায়। 

পরে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যনালে মামলা দায়ের করলে ট্রাইব্যুনাল ঝিনাইগাতীর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলে।

মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় গত শুক্রবার (১৩ মার্চ) ওই স্কুলছাত্রীর আট মাসের একটি মৃত ছেলে হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মামলার ভিকটিম যাতে ন্যায় বিচার পায় সেজন্য সদ্যজাত মৃত সন্তানের দেহের অংশ বিশেষ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।