২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে নিজ ঘরে কৃষকলীগ নেতার লাশ

ঝালকাঠী সদরে কৃষকলীগের স্থানীয় এক নেতার লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 03:49 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

ঝালকাঠী সদর থানার পরিদর্শক শীলমনি চাকমা জানান, শনিবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়। মৃত মিন্টু মৃধা (৫০) গাভারামচন্দ্রপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের তের আনা গ্রামে।

রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক শীলমনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরতহালে মরদেহের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা হত্যার ঘটনা কি না তা এখনও নিশ্চিত নয়। তদন্ত করে এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিহতের ছেলে সাইদুর রহমান টিটুর দাবি, তার বাবাকে গ্রামের প্রতিপক্ষের লোকেরাই পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করেছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা নেই। তিনি বাবার সঙ্গে একই ঘরে থাকতেন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরেন তার বাবা। ওই সময় তিনি ঘরে ছিলেন না।

সাইদুর আরো জানান, রাত ১১টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা ও বিদ্যুতের লাইন ছেঁড়া। পরে ঘরে গিয়ে বিছানায় বাবার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।