২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি দুর্নীতি: আইনজীবী ‘ব্যস্ত’, খালেদার আবেদনের রায় পেছাল

খালেদা জিয়ার আইনজীবীর ‘নির্বাচনী ব্যস্ততার’ কারণে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপারসনের আবেদনের রায় আবার পিছিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 03:04 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ আগামী ৫ এপ্রিল রায়ের নতুন দিন ঠিক করে দিয়েছে।

রোববার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে, যাতে সম্পাদক পদে লড়ছেন এ মামলায় খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব পদেও আছেন।

নির্বাচনের বিষয়টি জানিয়ে দুপুরের দিকে খালেদার অপর আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল আদালতের কাছে সময়ের আবেদন করেন।

মোহাম্মদ আলী বলেন, “মামলার ফাইলিং ল’ইয়ার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আমরা শুনানির জন্য সময় চাই।”

জবাবে আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, “একই এজাহার থেকে উদ্ভূত অন্য দুটি আবেদন হাই কোর্টের দুটি বেঞ্চে নিষ্পত্তি হয়েছে। কিন্তু আমরা উভয়পক্ষকে শুনতে চাই। আবেদনকারীকে না শুনে আমরা রায় দিতে চাই না।

“আপনারা এসেছেন, আমরা সময় দিচ্ছি। আপনারা শুনানি শুরু করেন। উভয়পক্ষকে শুনে, আইন দেখে, আমাদের যতটুকু বুদ্ধি-বিবেচনা আছে- সেটাকে কাজে লাগিয়ে আমরা রায় দেব।”

আদালত বারবার তাগিদ দেওয়ার পরও এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করতে রাজি না হওয়ায় আদালত আবেদনের অন্তত একটি অংশ পড়তে বলে।

মোহাম্মদ আলী এ সময় বলেন, “আমি এর জন্য অথরাইজড নই।”

জবাবে বিচারক বলেন, “অথরাইজড না হলে শুনানি পেছানোর কথা বলছেন যে...”

এ পর্যায়ে বদরুদ্দোজা বাদল আবেদনের একটি অংশ পড়ে শোনালে আদালত রায়ের নতুন তারিখ দেয়।

স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন আটকে থাকা এ মামলাটি দুর্নীতি দমন কমিশন সচলের উদ্যোগ নিলে হাই কোর্টের দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শুরু হয় গত ৩ মার্চ। দুই দিন শুনানির পর আদালত ১০ মার্চ রায়ের দিন রাখে।

কিন্তু ৮ মার্চ খালেদার পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন আদালতে গিয়ে শুনানির সুযোগ চাইলে আদালত রায়ের জন্য ১৫ মার্চ দিন রেখে এর মধ্যে শুনানি করতে বলে।

এর মধ্যেই আবেদনটি অন্য আদালতে নিতে গত ১১ মার্চ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন খালেদা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা হওয়ার পর ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন।

ওই বছরের ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দেয় হাই কোর্ট।

হাই কোর্টের ওই আদেশ আপিলেও বহাল থাকায় আটকে যায় মামলা।

২০১২ সালের ১৫ জানুয়ারি এ মামলা থেকে স্থায়ী জামিন পান বিএনপি চেয়ারপারসন।