২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসা শেষে ফিরেছেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:56 AM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এছাড়া কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

চিকিৎসার জন্য গত ৬ মার্চ আটদিনের সফরে লন্ডন যান আবদুল হামিদ। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি রাষ্ট্রপতির দ্বিতীয় লন্ডন সফর। এর আগে গত বছরের অগাস্টে লন্ডন গিয়েছিলেন তিনি।

৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।

স্পিকারের দায়িত্বে থাকার সময় চিকিৎসার জন্য তিনি নিয়মিত সিঙ্গাপুরে যেতেন।

২০১৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ।

সর্বশেষ গত বছরের নভেম্বরে সিঙ্গাপুর যান তিনি।