২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল বোমা এড়াতে চকরিয়ায় বাস খাদে, আহত ৫

কক্সবাজারের চকরিয়ায় পেট্রোল বোমা হামলা থেকে বাঁচতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে পাঁচ জন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 11:09 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা বনবিভাগ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার ছানা উল্লাহ (৪৮), ছমির চন্দ্র দাশ (৩৫), মনজুরুল আলম (২৯), সাতকানিয়ার সাব্বির আহমদ (২৩) ও চট্টগ্রামের লোহাগড়া এলাকার আকতার (৪০)।

তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৌদিয়া পরিবহনের ইনচার্জ নিরূপম পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

রাত সাড়ে ৮টার দিকে বাসটি চকরিয়া উপজেলার নলবিলা বনবিভাগ চেকপোস্ট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার  চেষ্টা করে।

দেখতে পেয়ে চালক দ্রুত স্থান ত্যাগ করার সময় বাসটি পাশের খাদে পড়ে গেলে বাসের কাঁচ ভেঙ্গে আহত হন ৫ জন।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাসটি উদ্ধারের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।