২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩ দিনব্যাপী লালন মেলা শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব ও মেলা শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শনিবার বিকালে প্রহ্লাদপুর ইউনিয়নের সাধুর বাজার এলাকায় মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকির খালেক সাই। এছাড়া গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন উর রশীদসহ স্থানীয় বেশ কয়েকজন লালনভক্ত বক্তব্য রাখেন।

ফকির খালেক সাই জানান, তিনদিনের এই উৎসব ও মেলায় প্রতিদিন বেলা ৩টায় আলোচনা সভা এবং রাত ৮টায় থেকে লালন সঙ্গীত পরিবেশন করা হবে।

উৎসবে সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন, রিংকু, সাথী সরকার, বারেক পাগলা, সুবাস ক্ষ্যাপা, চন্দন মজুমদার, শফি মন্ডল ও আয়নাল বাউলসহ আরও অনেকের লালন সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে।

উৎসবের প্রতিদিনের আলোচনা পর্বে লালনভক্ত বিভিন্ন দার্শনিক ও রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে আয়োজকরা জানান।

এছাড়া মেলা উপলক্ষে প্রথমদিন থেকেই ওই এলাকায় বিভিন্ন পণ্যের পসরা বসেছে।

২০১৩ সাল থেকে শ্রীপুরের লোহাগাছিয়া বাজার এলাকার আখড়াবাড়িতে এ লালন স্মরণোৎসব ও মেলা হয়ে আসছে।