ক্যামেরার নজরদারিতে আসছে ঢাবি টিএসসি
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাটি ক্লোজসার্কিট ক্যামেরার আওতায় আনছে পুলিশ।
সেইসঙ্গে শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান।
ওই সভায়ই প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বইমেলায় কঠোর নিরাপত্তার মধ্যে অভিজিৎ হত্যাকাণ্ড ঠেকাতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।
আসাদুজ্জামান বলেন, ঢাকা শহরে ঢোকা এবং বের হওয়ায় স্থানগুলো (এক্সিট ও এন্ট্রি পয়েন্ট) এবং কূটনৈতিক এলাকাকে ইতোমধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
“এই মাসের মধ্যে টিএসসি চত্বর, শহীদ মিনার ও শাহবাগ এলাকাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে, যার ফলে অপরাধ দমন ও শনাক্ত করা সহজ হবে।”
‘জার্নি’ নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার তার বাহিনীর সাম্প্রতিক সাফল্যজনক তৎপরতার কথাও তুলে ধরেন।
“২০১৩ সালে স্বাধীনতাবিরোধীদের ইন্ধনে হেফাজতের তাণ্ডবও অসীম সাহসিকতার সাথে রুখে দিয়েছে এই পুলিশই। বিনা ক্যাজুয়াল্টিতে এভাবে লক্ষ লক্ষ লোককে সেদিন থামানো না গেলে দেশের স্বাধীনতা মারাত্মকভাবে বিঘ্নিত হত।”
“ঢাকায় সাম্প্রতিক সব ঘটনা উদ্ঘাটন করেছি। বাঁশের কেল্লার প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছি। তার নিকট নানা তথ্য পাওয়া যাচ্ছে।”
বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যেও পুলিশ জনজীবন নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে জানিয়ে আছাদুজ্জামান বলেন, “ঢাকায় আমরা প্রায় স্বাভাবিক পরিবেশে চলে এসেছি।”
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “দেশব্যাপী পুলিশ তাদের অস্ত্রাগার খুলে দিয়েছিল, মানুষকে প্রাথমিক প্রশিক্ষণ দিয়েছিল। রাজারবাগে আক্রমণের পর থ্রি-নট-থ্রি রাইফেল নিয়েই তারা সারাদেশে ছড়িয়ে পড়ে।”
এই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমানও ছিলেন।
একাত্তরে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী পুলিশ কর্মকর্তা মাহবুবউদ্দিন আহমেদ, শহীদ পুলিশকন্যা ফারজানা শাহনাজ মজিদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জার্নির প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ে শোনান ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম।
