চাঁদপুরে জেলে-পুলিশ সংঘর্ষে আহত ৭
নিষেধাজ্ঞা ভেঙে চাঁদপুরে মেঘনায় মাছ ধরায় বাঁধা দিতে গিয়ে জেলেদের হামলায় পুলিশের চার সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
মেঘনার হরিণাঘাট এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনায় তিন জেলেকে আটক করা হয়েছে বলে চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক মোশাররফ হোসেন জানিয়েছেন।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিলে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
উপ-পরিদর্শক মোশাররফ বলেন, হরিণঘাটের কাছে জেলেদের জাল-নৌকা নিয়ে মাছ ধরতে দেখে আলুবাজার পুলিশ ফাঁড়ির টহল দল তাদের বাধা দিলে হামলা চালানো হয়।
“জেলেরা নদীর তীর থেকে ও জালের সঙ্গে থাকা ইট খুলে ছুড়তে শুরু করলে পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
হামলার অভিযোগে আটক তিন জেলের বিরুদ্ধে শনিবার সকালে মামলা হয়েছে।
