অপহরণের ২ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার
শরীয়তপুরের জাজিরায় অপহরণের দুই দিন পর খাল থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান জাজিরা থানার ওসি আকরাম আলী মিয়া।
নিহত চাঁদনী আকতার হেনা জাজিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ছোট মুলনা গ্রামের আলী আজগর খানের মেয়ে।
ওসি আকরাম আলী মিয়া জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে ৫০০ গজ দূরের একটি শুকনো খালের চরে স্থানীয়রা তার লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বুধবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা হেনাকে অপহরণ করে বলে ওসি আকরাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওইদিন স্কুল ছুটির পর অন্যদিনের মতো সময়মত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।
“লাশ উদ্ধারের সময় তার জামা-কাপড় ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।”
দুর্বৃত্তরা অপহরণের পর তাকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করছে পুলিশ।
ধর্ষণকারীদের চিনে ফেলায় হেনাকে হত্যা করা হয়ে থাকতে পারে মন্তব্য করেন ওসি আকরাম।
