ফুটবলারদের উৎসাহ, ক্রিকেটে জয়ের আশা প্রধানমন্ত্রীর
বঙ্গবন্ধু গোল্ডকাপে রানার্সআপ জাতীয় ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানে চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সেমিফাইনালে উন্নীত আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাতে গণভবনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দেন।
শেখ হাসিনা বলেন, “খেলাধুলায় আমরা যে পারি সেটা তো আমরা দেখালাম; ক্রিকেটেও তো দেখালাম। অনেকে তো ভাবতেই পারে নাই আমরা কোয়ার্টার ফাইনালে উঠব।”
বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার গ্রুপ পর্বের শেষ খেলায় নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা তো জিতেও যেতে পারি; বলা তো যায় না। সবসময় ভালোটা আশা করতে হবে।”
তিনি ফুটবলারদের উদ্দেশে বলেন, “যখন মাঠে খেলবে সবসময় মনে রাখবে, আমরা জিতব। তারপর হারজিৎ; এটা তো আছেই। কিন্তু ওই ডিটারমিনেশনটা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। নিজের ওপর বিশ্বাস তৈরি করতে হবে। এটাই হচ্ছে যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনের চাবিকাঠি।”
সম্প্রতি অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ রানার্স আপ হয়। ছয় জাতির এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ রানার্স আপ হল, এটা কিন্তু বড় পাওয়া। এবারে রানার্স আপ, ইনশাল্লাহ আগামীতে আমরা চ্যাম্পিয়ন হব।”
আওয়ামী লীগ সরকার ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজের জীবনের ক্রীড়া অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে বক্তব্য দেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর জীবন সম্পর্কেও জানতে চান।
প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, “আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম না। কিন্তু আমার ছোট ভাই শেখ কামাল। আমরা পিঠোপিঠি ছিলাম বলে ও যাই খেলত, ওর সঙ্গে একসঙ্গে সাইকেল চালানো থেকে শুরু করে ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল যত রকমের যা একসাথেই দুই ভাই-বোন করতাম। ওইটুকুই ছিল।”
শেখ হাসিনা তার পরিবারের ক্রীড়া উৎসাহের প্রসঙ্গ টেনে বলেন, “আমি একটা খবর দিতে চাই। আমার দাদা ফুটবল খেলতেন। আমার আব্বাও ফুটবল খেলতেন।”
বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবিনী বইয়ের কথা টেনে তিনি বলেন, “আপনার দেখবেন যে, এখানে আমার দাদার টিম উনি অফিসার্স ক্লাবে খেলতেন। আর স্টুডেন্টস ক্লাব ছিল আব্বার টিম। দুই টিমের কিন্তু কম্পিটিশন হত। সেখানে সুন্দর একটা বর্ণনা দেওয়া আছে।”
পারিবারিকভাবেই খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে এবং সেখান থেকেই উৎসাহ পাওয়া বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, “আমাদের ছেলেমেয়েদেরকে যত বেশি খেলাধুলায় এবং নানা ধরনের কারিকুলামে যত বেশি সম্পৃক্ত করতে পারব তত বেশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে।”
