মালয়শিয়ার পথে যুদ্ধজাহাজ আবু বকর
আর্ন্তজাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে মালয়েশিয়ার পথে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আবু বকর।
বৃহস্পতিবার দুপুরে ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম নৌ জেটি থেকে জাহাজটি ছেড়ে যায়।
১৭ মার্চ থেকে ২২ মার্চ মালয়েশিয়ার লংকাউইয়ে ‘লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন (লিমা)- ২০১৫’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে যুদ্ধজাহাজ আবু বকর।
ছয় দিনের ওই সমরাস্ত্র প্রদর্শনী ও মহড়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, বাংলাদেশসহ বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নেবেন।
ওই প্রদর্শনীতে মেরিটাইম ও মহাকাশ বিষয়ক সেমিনার ও ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে।
যুদ্ধ জাহাজ আবু বকর এর অধিনায়ক ক্যাপ্টেন এম মাহমুদুল মালেকের নেতৃত্বে ১৭ জন কর্মকর্তা, ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ১৭২ জন নাবিকসহ সর্বমোট ২০০ জন এ প্রদর্শনীতে যোগ দেবেন।
মালয়েশিয়ার ‘লিমা-২০১৫’ এ অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে আবু বকর মায়ানমারের ইয়াংগুন বন্দরে দুই দিনের শুভেচ্ছা সফর করবে।
বৃহস্পতিবার আবু বকরের মালয়েশিয়া যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমাণ্ডার রিয়ার এডমিরাল এম আকতার হাবিব এনডিসি, পিএসসি (বিএন)সহ স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা।
