২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জেলে-কোস্ট গার্ড সংঘর্ষ, আটক ৪

চাঁদপুরের মেঘনা নদীতে কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। এতে তিন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 09:34 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষে  আহতদের অবস্থা গুরুতর নয় বলে জানান কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করছিল।

এ সময় কোস্ট গার্ড সদস্যরা তাদের মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু জেলেরা তা কর্ণপাত না করায় কোস্ট গার্ড নদীতে ফেলা জাল আটক করতে গেলে জেলেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে জেলেরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে চারদিক থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

উপায়ান্তর না দেখে কোস্ট গার্ড ছয় রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও ঘটনাস্থল থেকে একটি নৌকাসহ চার জেলেকে আটক করে বলে জানান স্টেশন কমান্ডার হাবিবুর।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় দুই মাস (মার্চ-এপ্রিল) চাঁদপুরে মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।