সন্ত্রাস দমনে পৃথক বাহিনী হচ্ছে
সন্ত্রাস দমনে আলাদা বাহিনী গঠনে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে হুইপ শহীদুজ্জামান সরকারের একটি প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেছেন, “কাউন্টার টেররিজম বাহিনী খুব শিগগিরই হবে। পৃথিবীর বিভিন্ন দেশে কাউন্টার টেররিজম বাহিনী আছে। আমরা এটা করার প্ল্যান নিচ্ছি। এই বাহিনী করার প্রচেষ্টা নেব।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র সংক্রান্ত একটি খবরের বরাত দিয়ে তারানা হালিম এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান।
এর জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, “প্রতিনিয়তই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র হয়। আমাদের গোয়েন্দারা তাদের চিহ্নিত করেছে। গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়েছি। তাদের অ্যারেস্ট করব।”
এর আগে একই বিষয়ে ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা বসে নেই। আমাদের গোয়েন্দারা তৎপর। আমরা অনেক কিছু উদঘাটন করেছি। এ ব্যাপারে গোয়েন্দারা তৎপর।”
শরীফ আহমেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণপূর্বক তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
