২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

আইনজীবীকে গ্রেপ্তার ও বিচারকের এজলাস ভাঙচুরের একদিন পর গাজীপুর আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 07:33 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ক্ষতিগ্রস্ত এজলাস ঘুরে দেখেন এবং আইনজীবী নেতৃবৃন্দ ও বিচারকদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীন, এস এম মোস্তফা কামাল প্রমুখ।

বুধবার আইনজীবীদের কর্মসূচি পালনকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাশের এজলাসে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনা তদন্তে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন দুটি কমিটি গঠন করেছে।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের জানান, এজলাসে ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এ ঘটনায় আইনজীবী সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে তাকে আহ্বায়ক করা হয় বলেও জানান তিনি।

এদিকে গাজীপুরের আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, আদালতের বিচারকের এজলাসে হামলার ঘটনা তদন্তে ঘটনার দিন বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহীকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছোলায়মান ও গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মো. ইব্রাহীম।

কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও তিনি জানান।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবু বকর সিদ্দীক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি গাজীপুর বারের আইনজীজী ইব্রাহিম খলিলের নামে জয়দেবপুর থানায় একটি চাঁদাবাজি মামলা করে তার প্রতিপক্ষের লোকজন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে ফের আদালত প্রাঙ্গণে গিয়ে সভা করে।

আদালতের পেশকার আব্দুল বারেক সাংবাদিকদের জানান, উত্তেজিত কয়েকজন আইনজীবী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এর এজলাসে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও নথিপত্র তছনছ করেন।

এ সময় খাস কামরায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম নির্মলেন্দু দাশ উপস্থিত ছিলেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবীরা উত্তেজিত আইনজীবীদের ফিরিয়ে আনেন বলে জানান পেশকার বারেক।