শাহজাদপুরে ভুয়া চিকিৎসকের ২ বছর কারাদণ্ড
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শাহজাদপুরের ইউএনও মোহাম্মদ শামীম আহম্মেদ বৃহস্পতিবার দুপুরে সাজার এ আদেশ দেন।
দণ্ডিত একেএম আলমগীর কাশেম বিশেষজ্ঞ চিকিৎসকের মিথ্যা পরিচয়ে ঢাকা থেকে শাহজাদপুর একটি ক্লিনিকে গিয়ে প্রতি বুধবার রোগী দেখতেন। তিনি ঢাকার রুপনগর এলাকায় বসবাস করেন।
শাহজাদপুর থানার ওসি শাহাব উদ্দিন খলিফা জানান, বুধবার রাতে উপজেলার মশিপুর এলাকার রওশন আরা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই ভুয়া চিকিৎসক প্রতি বুধবার ঢাকা থেকে এসে ওই ক্লিনিকের রোগ নির্ণয়ের নামে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাপত্র দিয়ে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
তার প্রেসক্রিপশন প্যাডের পদবিতে এমবিবিএস, এমফিল (ঢাকা), ডিআইএইচ (ঢাকা), এমডি মেডিসিন (আমেরিকা), এফআরসিএস (লন্ডন), ডিইসি (কানাডা), মেডিসিন কার্ড অ্যান্ড অ্যাজমা স্পেশালিস্ট, প্রাক্তন অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং প্রকল্প পরিচালক, ঢাকা প্রবীণ হিতৈশী স্বাস্থ্য কেন্দ্র লেখা রয়েছে।
যাচাই-বাছাই শেষে পদবিগুলো ভুয়া প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
এরপর শাহজাদপুরের ইউএনও শামীম আহম্মেদ ভ্রাম্যমাণ আদালাতে তাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন বলে ওসি শাহাব উদ্দিন জানান।
