লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন লন্ডন সফররত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বুধবার স্থানীয় সময় রাত ৮টায় স্পিকার লন্ডন হিলটন অন পার্ক লেন হোটেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্পিকার এ সময় রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন।”
গত শুক্রবার চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ১৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
নারী দিবস এবং কমনওয়েলথ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ১৫ দিনের সফরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপার্সন শিরীন শারমিন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে লন্ডন ছেড়েছেন শিরীন শারমিন। আগামী ২৩ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
