২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন ট্রেনযাত্রী নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2015, 01:22 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শ্রীপুরের সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর মডেল থানার এসআই সালাহ উদ্দিন জানান।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের কলেজছাত্র শিখর আহমেদ (১৯), শহীদ নগর গ্রামের বাসিন্দা আইসক্রিম বিক্রেতা মোস্তফা কামাল (৫৫) এবং শ্রীপুর উপজেলার গোলাঘাট গ্রামের জাহাঙ্গীর আলম (৪০)।

এসআই সালাহউদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন শ্রীপুরের মাইজপাড়া পার হওয়ার সময় লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনের দরজায় ঝুলন্ত দুই যাত্রী ট্রাকের সঙ্গে চাপায় ঘটনাস্থলেই মারা যান।

সাতজনকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর আলম নামে আরেকজন।  

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র শিখর আহমেদ ও হকার মোস্তফা কামালের লাশ তাদের স্বজনরা নিয়ে গেছেন। জাহাঙ্গীরের মরদেহ শ্রীপুর স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে বলে এসআই সালাহউদ্দিন জানিয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক ফজলুল হক জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে তার হাসপাতালে আনা হয়।

এরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঞ্জুর সরকারের ছেলে টিটু মিয়া (২৫), ময়মনসিংহ সদর উপজেলার ফরহাদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১২), মঞ্জুরুল ইসলামের ছেলে অনিক মিয়া (২৩), বান্দারোয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুকুল ইসলাম (২২), গফরগাঁও উপজেলার জামাল উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৫) ও নিগুয়ারী গ্রামের আব্দুছ ছালামের ছেলে শিখন মিয়া (২৫)।

এদের মধ্যে মুকুল, জুয়েল ও টিটুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।