২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রসহ ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ এক ইয়াবা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার দুপুরে সদরঘাট থানার বরিশাল কলোনি মরিচ্চ্যা পাড়া থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. ওমর ফারুক ওরফে রানা (৩৫) নগরীর শীর্ষ মাদক বিক্রেতাদের অন্যতম বলে পুলিশের দাবি।

এসময় তার কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ১৮টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট, ল্যাপটপ, বেশকিছু ছুরি, মাদক বিক্রির ৫৯ হাজার ৯০০ টাকা, ভারতীয় ও পাকিস্তানি রুপিসহ ইয়াবা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাদক আস্তানা খ্যাত বরিশাল কলোনি মরিচ্চ্যা পাড়া থেকে রানাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পুলিশ রানাকে খুঁজছিল। দুপুরে একটি বাসায় ঘুমানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রানা নগরীর শীর্ষ মাদক বিক্রেতাদের অন্যতম। তার বিরুদ্ধে সদরঘাট, কোতোয়ালী ও ডবলমুরিং থানায় বেশকিছু মামলা আছে।

তিনি জানান, ধরার জন্য ঘরটিতে ঢোকার সাথেসাথে রানা পুলিশকে গুলি করতে উদ্যত হয়। এসময় পুলিশ সদস্যরা তাকে ঝাপটে ধরে ফেলে।

পুলিশ কর্মকর্তা রউফ আরও জানান, তার কাছ থেকে ইয়াবা বিক্রির বেশকিছু তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানতে পেরেছে, রানা ১৪ জন খুচরা নারী ও পুরুষ বিক্রেতাদের মাধ্যমে নগরীতে ইয়াবা বিক্রি করে। যাদের রানা দৈনিক ২০ হাজার টাকা মজুরি দেয় এবং সে দৈনিক সাড়ে তিন লাখ থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা লেনদেনের কাগজপত্রও পাওয়া গেছে।

আব্দুর রউফ জানান, জিজ্ঞাসাবাদে রানা তার কাছে আরও অস্ত্র ও মাদক আছে বলে পুলিশকে জানিয়েছে।

এসব অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।