২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তুর গাড়িবহরে হামলার নিন্দা জেএসএসের

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) গাড়িবহরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

বুধবার পিসিজেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

‘জাগো পার্বত্যবাসী’ নামে বাঙালিদের একটি সংগঠনের ডাকে বুধবার বান্দরবানে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়। 

পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলনে যোগ দিতে সকালে বান্দরবান গেলে শহরে বালাঘাটায় সন্তু লারমার গাড়িবহরের পিছনের দিকে একটি জিপে ভাঙচুর করে হরতাল সমর্থকরা।

পিসিজেএসএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তু লারমার পূর্বনির্ধারিত বান্দরবান সফরকে বানচাল করতে তথাকথিত ‘জাগো পার্বত্যবাসী’র ব্যানারে একটি গোষ্ঠী বান্দরবান জেলায় বুধবার থেকে ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করে।

সন্তু লারমা বান্দরবান যাওয়ার পথে সদর উপজেলার বালাঘাটায় পৌঁছলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তার গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় পিসিজেএসএস বান্দরবান সদর থানা সাধারণ সম্পাদক পুছোথোয়াই মারমা (৪০), পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সদস্য পরিমল চাকমা (২৩), পাহাড়ি ছাত্র পরিষদের লেমুছড়ি শাখার সদস্য স্বপন তঞ্চঙ্গ্যা, পিসিজেএসএস কুয়ালং ইউপি শাখার সদস্য মংবাথোয়াই মারমা (৫২), পিসিপির বালাঘাটা শাখার সদস্য রকি তঞ্চঙ্গ্যা এবং পিসিজেএসএস-এর সদস্য রামবাবু মারমা (৬০) আহত হন।

এতে বলা হয়, জাগো পার্বত্যবাসী সন্ত্রাসীরা গাড়িবহরের পেছনে থাকা একটি জিপ (চাঁদের গাড়ি) ও দুটি মোটরসাইকেলে হামলা চালায়। একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা।

এ হামলায় জড়িত সন্ত্রাসীদের অচিরেই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী শুক্রাবার (১৩ই মার্চ) পিসিজেএসএস সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা বান্দরবানে শৈল প্রপাত এলাকায় ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের  সম্মেলনে যোগদানের কথা রয়েছে।

তার সফর প্রতিহত করতে একটি বিশেষ মহল পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে দাবি করছেন পিসিজেএসএসের জেলা সহ-সভাপতি উছোমং মারমা।

পুরনো খবর:

বান্দরবানে হরতালে সংঘর্ষ, সন্তুর গাড়িবহরে হামলা