২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপস: আরফিন রুমির বিরুদ্ধে স্ত্রীর মামলা খারিজ

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে গায়ক আরফিন রুমির বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:39 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

বিচার এড়াতে টালবাহানায় রুমি, অভিযোগ স্ত্রীর
গ্রেপ্তার আরফিন রুমি কারাগারে

মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন বাদী লামিয়া ইসলাম অনন্যা আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত মামলাটি খারিজ করে দেন।

আরফিন রুমির অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে আপস হয়ে গেছে।

যৌতুক চেয়ে মারধরের অভিযোগে রুমির বিরুদ্ধে অনন্যার করা নারী নির্যাতন আইনের আরেকটি মামলাও একইভাবে আপসে নিষ্পত্তি করা হয়।

“আপস হওয়ায় অনন্যা আদালতে আসেননি। এ কারণে বিচারক মামলা খারিজ করে দিয়েছে।”

ঢাকার হাকিম আদালতে দায়ের করা এ মামলার আর্জিতে বলা হয়, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে অনন্যার বিয়ের দুই বছর পর তাদের ছেলে এস এম সামস তাবরীজ আরিয়ানের জন্ম হয়।

ওই সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না পেলে দ্বিতীয় বিয়ের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করেছিলেন অনন্যা। 

২০১২ সালের ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন রুমি। এক্ষেত্রে তিনি প্রথম স্ত্রী অনন্যার অনুমতি নেননি বলেও মামলায় অভিযোগ করা হয়েছিল।

এ মামলায় ২০১৩ সালের অক্টোবরে রুমিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। দুইদিন পর অনন্যার জিম্মাতেই তাকে জামিনে মুক্তি দেন বিচারক।

দূরবীন ব্যান্ড দলের সাবেক সদস্য রুমি ২০০৯ সালে তার অ্যালবাম ‘এসো না’র জন্য ‘ইউরো চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ পুরস্কার পান। রুমি গান সুরও করেন এবং ২০১০ সালে বিনোদন বিচিত্রা পুরস্কারও পান সুরকার হিসেবে।