চট্টগ্রামে শিক্ষার্থী ইমন হত্যায় আরো এক যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াছিন আরাফাত ইমন হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্র্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. আব্বাস (২৮) ওই হত্যা মামলার আসামি না হলেও গ্রেপ্তারদের জবানবন্দিতে তার নাম এসেছে বলে পুলিশ জানিয়েছে। নগরীর চকবাজারের গণি কলোনির বাসিন্দা জানে আলমের ছেলে আব্বাসের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার সকালে নগরীর গণি কলোনি থেকে আব্বাসকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।
গত বছরের ৪ মে নগরীর দেওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ইয়াছিন আরাফাত ইমন।
পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় ইমনের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
মামলায় বলা হয়, ফয়সাল হোসেন রানার নেতৃত্বে একদল যুবক দেওয়ান বাজার এলাকায় ছিনতাই করতে গেলে ইমনসহ অন্যরা তাদের ধাওয়া করে। এর জের ধরে তারা পরে ওই এলাকার প্রতিরোধকারীদের ওপর হামলা করলে ইমন গুলিবিদ্ধ ও অন্য একজন আহত হয়।
এ হত্যা মামলায় এ পর্যন্ত ফয়সাল হোসেন রানা ও আব্বাসসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়ার ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় আব্বাসের নাম না থাকলেও ৮ মার্চ গ্রেপ্তার ফয়সাল হোসেন ও আগে গ্রেপ্তার জানে আলমসহ দুই জনের স্বীকারোক্তিতে তার নামে এসেছে।
এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা হলেও জিজ্ঞাসাবাদে ১২ জনের নাম এসেছে বলে জানান তিনি।
