চট্টগ্রামে গৃহবধূ খুন, পুলিশ খুঁজছে দেবরকে
চট্টগ্রামের খুলশী থানার লালখান বাজারে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় তার দেবরকে খুঁজছে পুলিশ।
নিহত গুলজার বেগম রুমা (৩৭) ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী মো. ইউনুসের স্ত্রী।
বুধবার সকালে রুমাকে গলাকাটা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান।
খুলশী থানার এসআই আনিসুল হক জানান, সকালে হাইলেভেল রোড এলাকায় ওই ঘটনার পর থেকে রুমার দেবর ইয়াকুব পলাতক।
রুমা ও ইউনুসের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এদের মধ্যে বড় ছেলে বাবর মধ্যপ্রাচ্য প্রবাসী। ছোট ছেলে বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করেন এবং মেয়ে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এসআই আনিসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবরের বিয়ে নিয়ে দেবর ও ভাবির মধ্যে পারিবারিক বিবাদ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রথামিকভাবে আমরা জানতে পেরেছি।”
নিহতের ছোট ভাই গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনুসের জমিতে ভবন নির্মাণ নিয়ে রুমার সঙ্গে ইয়াকুবের ঝগড়া-বিবাদ চলছিল।
“সম্প্রতি রুমার ছেলে বাবরের বিয়েকে কেন্দ্র করে বিরোধ আরও প্রকট হয়ে ওঠে। আগামী ২৬ মার্চ বাবর দেশে আসার কথা। দেশে ফেরার পর বাবরের পছন্দের পাত্রীর সাথে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত ছিল।”
গোলাম মোর্শেদ বলেন, সকালে ইউনুস বাসা থেকে বের হওয়ার পর রুমা তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইয়াকুব ঘরে ঢুকে রুমাকে এলাপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
