২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে ভবনের বিভিন্ন তলায় ছিল  গার্মেন্টস, আবাসিক হোটেলসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2015, 01:03 AM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে শ্যামলী মোড়ে অবস্থিত খান প্লাজার আট তলার বিলাস গার্মেন্টসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান আদাবর থানার এএসআই মো.কবির।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, অষ্টমতলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দুটি আবাসিক হোটেল রয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম তলা পর্যন্ত বিলাস গার্মেন্টস।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক সালাহ্উদ্দিন ওয়াহিদ প্রীতম প্রত্যক্ষদর্শী, দমকল বাহিনী ও র‌্যাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, অষ্টম তলায় গার্মেন্টসের একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

প্রাথমিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না বলে সালাহ্উদ্দিন ওয়াহিদ প্রীতমকে জানিয়েছেন র‌্যাব-২ এর এসআই মহসিন।

তিনি বলেন, অষ্টম তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে তা তারা নিশ্চিত। তবে সেখানে কোনো কর্মী ছিলেন না। রাত ১০টায় গার্মেন্টস কর্মীরা কাজ শেষে বেরিয়ে গেলে তাতে তালা দিয়ে দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ১৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ওই ভবনে থাকা আবাসিক হোটেলের মালিক মো. মুনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গার্মেন্টসের অষ্টম তলা থেকে তারা ধোঁয়া বের হতে দেখেছেন। আগুন খানিকটা ছড়িয়ে পড়লেও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ভবনটির অন্যান্য তলায়ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বলে জানান তিনি।