২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজুল আকবরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

সরকার দলীয় সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 09:01 PM

Updated : 12 Oct 2022, 03:24 PM

সোমবার রাত ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সী এই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক।

মঙ্গলবারের অধিবেশনে মাগুরা-১ আসন থেকে চারবার নির্বাচিত এই সংসদ সদস্যের শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “সিরাজুল আকবরের মৃত্যুতে জাতির বিরাট ক্ষতি হয়ে গেছে। তিনি ছিলেন দরিদ্র শিশুদের সেবক, শিশু বিশেষজ্ঞ, নিবেদিত প্রাণ জনসেবক। সবচেয়ে ক্ষতি হয়েছে, আমার দলের। তার প্রতি মাগুরাবাসীর আস্থা বিশ্বাস ছিলো।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “যে সময় সবচেয়ে তার দরকার ছিল। জাতি সে সময়েই তার সেবা থেকে বঞ্চিত হবে।”

১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনেই সিরাজুল আকবরের জয়লাভের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি নির্বাচনেই তিনি প্রতিকূলতার মধ্যে জয়লাভ করেছেন।”

নিজের নিজের নাতনিদের চিকিৎসার ক্ষেত্রেও তার অবদান স্মরণ করে শেখ হাসিনা বলেন, “আমার নাতনিদের অসুখ হলেও অনেক সময় ওনাকে ডেকেছি, পরামর্শ নিয়েছি। উনি পুতুলের মেয়েদের চিকিৎসা করেছেন।”

এর আগে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, রুহুল আমিন হাওলাদার, আবদুস শহীদ, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, হাজী মোহাম্মদ সেলিম, ধীরেন্দ্র দেবনাথ, রুস্তম আলী ফরাজী, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, শাহরিয়ার আলম, সাগুফতা ইয়াসমিন এমিলি, দীপু মনি, মাহাবুব উল আলম হানিফ, হাবিবে মিল্লাত, ইউনুস আলী সরকার ও কামরুন লায়লা জলি।

পরে সিরাজুল আকবরের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল সাংসদ দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর প্রয়াত এই সাংসদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এর আগে সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তার নামাজে জানাজায় মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা প্রয়াত এই সাংসদের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন।

ফুল দিয়ে প্রধানমন্ত্রী সিরাজুল আকবরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ এবং রাষ্ট্রপতির পক্ষে তার কার্যালয়ের অতিরিক্ত সচিব কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন সিরাজুল আকবর। গত আট মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

মাগুরা থেকে ঢাকায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৪৪ সালে মাগুরায় জন্ম নেওয়া সিরাজুল আকবর ১৯৭৮ সালে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের অধ্যাপক হিসাবেও দায়িত্ব পালন করেন।

নবম সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অনুমিত হিসাব কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।