২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তু লারমার বান্দরবান সফর, ৭২ ঘণ্টার হরতাল

পিসিজেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বান্দরবান সফরের সময়ে জেলায় বুধবার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ‘জাগো পার্বত্যবাসী’ নামে বাঙালিদের একটি সংগঠন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 07:22 PM

Updated : 22 Aug 2022, 11:53 AM

মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক আবিদুর রহমান প্রথমে ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিলেও পরে তা ৭২ ঘণ্টা বলে জানানো হয়।  

তিনি বলেন, পাহাড়ে চাঁদাবাজি, সন্ত্রাস, গুম-অপহরণ ও নির্বিচারে পাহাড়ি-বাঙালি হত্যা বন্ধ করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে।

এসবকিছুর জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেন তিনি।

সংবাদ সম্মেলনে নতুন এ সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, আবদুল জলিল, কামাল উদ্দিন, সোহাগ প্রমুখ।

এদিকে পিসিজেএসএসের পক্ষে দাবি করা হয়, সন্তু লারমার বান্দরবান আগমনকে সামনে রেখে উত্তেজনা সৃষ্টির জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে।

পিসিজেএসএসের জেলা সহ-সভাপতি উছোমং মারমা বলেন, একটি বিশেষ মহল পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, আগামী শুক্রাবার (১৩ই মার্চ) পিসিজেএসএস সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বান্দরবানে শৈল প্রপাত এলাকায় ফারুক পাড়ায় পাহাড়ি ছাত্র পরিষদের  সম্মেলনে যোগদানের কথা রয়েছে।

তার সফর প্রতিহত করতে এ হরতাল ডাকা হয়েছে বলে দাবি উছোমং মারমার।

এ পরিস্থিতিতে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহম্মেদ, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যের সঙ্গে পৃথক বৈঠক করে পিসিজেএসএসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে।

বান্দরবান সম্প্রীতির জেলা। এখানে কোনো ধরনের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা বরদাশত করা হবে না বলে জানান তিনি।