বোয়ালিয়ার ওসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ
নাশকতার মামলায় আটক করে হয়রানিসহ নানা অভিযোগ তুলে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেনের অপসারণ দাবি করেছেন পরিবহন শ্রমিকরা।
এ দাবিতে মঙ্গলবার নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাস ট্রার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করেন মোটর মালিক-শ্রমিক। মিছিল শেষে শিরোইলে ঢাকা বাসস্ট্যান্ডে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মাহাতাব হোসেন, জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক, শ্রমিক নেতা আব্দুল মোমিন, গাজীউর রহমান গাজী, সিএনজি চালিত অটোরিকশা মালিক-চালক ইউনিয়নের সভাপতি শাহীন হোসেন প্রমুখ।
সমাবেশে মাহতাব হোসেন বলেন, গত ১ মার্চ ভোরে শিরোইল বাস টার্মিনালে হরতাল-অবরোধকারীরা হানিফ পরিবহনের দুইটি বাস পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেয়।
এ ঘটনায় হানিফ পরিবহনের পক্ষ থেকে মামলা করতে গেলে বোয়ালিয়া থানার ওসি সে মামলা গ্রহণ না করে পুলিশ বাদী করে নিজের ইচ্ছামতো মামলা রজু করেন।
কিন্তু ওই বাসের নাম ও নম্বর ওই মামলায় উল্লেখ করা হয়নি।
এছাড়া ওই মামলায় রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিককে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
মাহাতাব হোসেন আরও বলেন, “মামলায় হানিফ পরিবহনের নাম এবং পুড়ে যাওয়া দুইটি বাসের নম্বর উল্লেখ করার অনুরোধ জানানো হলে বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।”
এছাড়া বাস পোড়ানোর ঘটানার আগের দিন এক শ্রমিকের ছেলেকে আটক করে নিয়ে গিয়ে ঘুষ দাবি করেন। দাবি অনুযায়ী ঘুষ না দেওয়ায় তাকে বাস পোড়ানোর মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করেন মাহতাব।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে মাহতাব ওসি আলমগীরের অপসারণ দাবি করেন।
তা না হলে হরতাল-অবরোধেও উত্তরাঞ্চলে সচল রাখা পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।
জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক বলেন, তার দুই শ্রমিক রহিম ও মাইনুলকে পুলিশ আটক করে নির্যাতন চালিয়েছে।
তাদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ মোটা অংকের ঘুষ দাবি করে বলে জানান তিনি।
ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি পোড়ানোর মামলার এক আসামিকে তারা ছাড়াতে এসেছিলেন। পুলিশ না ছাড়ায় এখন নানা অভিযোগ তুলছেন।
মামলায় গাড়ির নম্বর না দেওয়ার বিষয়ে তিনি বলেন, মামলা করার আগে তারা গাড়ি নিয়ে যাওয়ায় মামলায় গাড়ির নম্বর দেওয়া যায়নি।
ঘুষ দাবির কথা অস্বীকার করে তিনি বলেন, গাড়ির মালিকের পক্ষ থেকে থানায় এসে বলা হয়েছিল যেন ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে একটি সনদ দেওয়া হয়। কিন্তু পুলিশ দুই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির সনদ দিতে রাজি হয়নি।
তাই ঘুষ চাওয়ার অভিযোগ তোলা হয় বলে দাবি করেন তিনি।
