কক্সবাজারে ২০ মালয়েশিয়াগামী আটক
কক্সবাজারের পেকুয়ায় একটি ট্রলারসহ মালয়েশিয়াগামী ২০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোর রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাটসংলগ্ন পশ্চিমকূল এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাছধরার একটি ট্রলারে করে সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রামের মাঝিরঘাট এলাকা থেকে এরা রওনা দেয় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
ভোর সাড়ে ৪টার দিকে ট্রলারসহ তাদের আটক করা হয়। সকালে তাদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পেকুয়া থানার ওসি আব্দুর রকিব জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রলারটি মগনামা ঘাটের পশ্চিমকূলের চর এলাকায় রয়েছে।
আটকরা চুয়াডাঙ্গা, পাবনা, সাতক্ষীরা ও নরসিংদী জেলার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
