গলা কেটে খুন, স্বামী পলাতক
যৌতুক নিয়ে বিরোধে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের রব বাজার এলাকার জহির মাঝির বাড়িতে খুন হন রাশেদা আক্তার মুক্তা (২২)।
এ ঘটনার পর থেকে তার স্বামী সুমন পলাতক রয়েছেন।
নিহত রাশেদা রব বাজার এলাকার তাজুল হকের মেয়ে। তার স্বামী সুমন কুমিল্লার বুড়িচং উপজেলার বালুরটেক এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
মুক্তার বোন পিয়ারা বেগম ও কমলনগর থানার ওসি মো. কবির হোসেন জানান, পাঁচ বছর আগে মুক্তা ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সময় সুমনের সঙ্গে পরিচয়, পরে প্রেম ও বিয়ে হয়।
বিয়ের পর থেকেই সুমন কমলনগরে শ্বশুরবাড়িতে বসবাস করছে। বিয়ের কিছুদিন পর থেকে সুমন যৌতুক দাবি করায় তাদের মধ্যে কলহ দেখা দেয়। এ কারণে সুমন প্রায়ই মুক্তাকে মারধর করত।
পিয়ারা জানান, সোমবার রাতে সুমন ৩০ হাজার টাকা দাবি করলে মুক্তার সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
“এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে মুক্তাকে গলা কেটে হত্যা করে সুমন পালিয়ে যায়,” বলেন পিয়ারা।
ওসি কবির হোসেন জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
