২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে স্কুলছাত্রী ধর্ষিত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সরকার সমর্থক দুই সংগঠনের কয়েকজন স্থানীয় নেতার বিরুদ্ধে।   

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 03:39 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় মঙ্গলবার উপজেলার কবাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় উপজেলা মৎস্যজীবী লীগের আরও তিনজনকে আসামি করা হয়েছে বলে দীঘিনালা থানার ওসি শাহাদত হোসেন টিটু জানিয়েছেন।

ধর্ষণের শিকার মেয়েটিকে সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার মাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীঘিনালা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সোমবার রাতে দুই ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল তার ভাগ্নী।

“পথে উওর কবাখালি কালভার্ট এলাকায় চার যুবক দুই ভাইকে বেঁধে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে ধর্ষণ করে।”

সকালে ঘটনা জানার পর সোহেলকে একটি তামাক ক্ষেত থেকে আটক করা হয় বলে ওসি শাহাদত জানান। 

তিনি বলেন, “সোহেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সহযোগীদের নাম বলেছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”