কক্সবাজারে ৩০ রোহিঙ্গা আটক, ১৬ জনকে ফেরত
কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইক্ষংছড়ি থেকে ৩০ মিয়ানমার নাগরিককে আটক করার পর ১৬ জনকে ফেরত পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সোমবার উখিয়ার পালংখালী স্টেশন ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় এ অভিযান চালায়।
উখিয়ায় একটি মাইক্রোবাসও জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় উখিয়ার পালংখালী স্টেশন থেকে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হবে।
মাইক্রোবাসের চালক ও সহকারীকে আটক করা যায়নি বলে জানান তিনি।
খন্দকার সাইফুল আলম আরও জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মিয়ানমারের সীমান্ত সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় ১৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
তবে, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।
