২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় বাসচাপায় এক পরিবারের ৩ জন নিহত

যশোরের শার্শায় বাসচাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

সোমবার বিকালে এ দুর্ঘটনার পর যশোর-সাতক্ষীরা মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের রিক্তা খাতুন (৩৫), তার ভাই আব্দুল্লাহ (৩০) ও ভাসুরের ছেলে সাইদ হোসেন (২২)।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিক্তাসহ তিনজন মোটরসাইকেলে করে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন।

বেলা ৪টার দিকে তাদের মোটরসাইকেলটি জামতলা বাজারের কাছে ‘ওরিয়েন্টাল অয়েল কোম্পানীর’ কারখানার সামনে পৌঁছলে সাতক্ষীরামুখী ‘সোহাগ পরিবহনের’ একটি বাস (ঢাকা মেট্রো ট ১১-০৩৭২) নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী তাদের চাপা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে চায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শার্শার নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।