২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদে ভারতীয় ট্রাকে পেট্রোল বোমা হামলা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে একটি ভারতীয় পণ্যবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 06:17 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

এ ঘটনার পর সোমবার সকাল থেকে বন্দরে পাঁচ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ থাকে। পরে ক্ষতিপূরণ দেওয়া হলে বিকাল ৩টা থেকে আমাদানি-রপ্তানি শুরু হয়।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রবীর কুমার শীল বলেন, দুপুরেই ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হলে বিকেল ৩টা থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে আসা শুরু হয়।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার নুরুল বাশির জানান, রোববার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ড এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এতে ভুট্টা বোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন ধরলে কেবিন ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সোহেল আহম্মেদ পলাশ বলেন, দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক করতে দুদেশের নেতৃবৃন্দ বৈঠকে বসেন।

বৈঠকে ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণ বাবদ দেড় লাখ রুপির সমপরিমাণ অর্থ পানামা পোর্টলিংক লিমিটেডের কাছে দাবি করা হয়। পানামা কর্তৃপক্ষ অর্থ দিতে রাজি হলে বন্দরে বন্ধ থাকা আমদানি-রপ্তানি শুরু করার সিদ্ধান্ত হয় বলে জানান পলাশ।