চাঁদপুরে মাছের পোনার পিকআপে অবরোধের আগুন
চাঁদপুর শহরে মাছের পোনাবাহী একটি পিকআপ ভ্যান আটকে তাতে আগুন দিয়েছে অবরোধ-হরতালের সমর্থকরা।
রোববার রাতে শহরের ট্রাকরোড এলাকায় এ ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান।
তিনি বলেন, আগুনে চালক বা অন্যকেউ আহত হননি। তবে ভ্যানে থাকা ৮/১০টি প্লাস্টিকের ড্রাম পুড়ে গেছে, যেগুলোতে মাছের পোনা ছিল। পিকআপটিরও ক্ষতি হয়েছে।
“রাতে পোনা নিয়ে যাওয়ার সময় কয়েকজন এসে ভ্যানের গতিরোধ করে এবং আগুন ধরিয়ে দেয়। চালক নেমে পড়ায় তার কোনো ক্ষতি হয়নি।”
পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভালেও প্লাস্টিকের ড্রামগুলো দ্রুত গলে যাওয়ায় পোনাগুলো রক্ষা করা যায়নি বলে জানান ওসি।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের টানা অবরোধ ও হরতালের মধ্যে প্রতিদিনই যানবাহন লক্ষ্য করে নাশকতা চালানো হচ্ছে৷ নাশকতা ও সহিংসতায় এ পর্যন্ত শতাধিক লোকের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই মারা গেছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।
