২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ১০ নারীকে জয়িতা সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবসে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জীবনযুদ্ধে জয়ের জন্য পঞ্চগড়ের ১০ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 11:49 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতাদের আত্মকথন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তারা তুলে ধরেছেন জীবনের প্রেরণাদায়ী ঘটনাগুলো।

তাদের মধ্যে নির্যাতনের বিভীষিকা ভুলে জীবনের পথে এগিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ অনিতা বালাকে সম্মাননা দেওয়া হয়।

চাকরিতে সাফল্যের জন্য জোছনা বেগমকে, সমাজ উন্নয়নে অবদানের জন্য মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়াকে, সফল জননী হিসেবে হুসনে আরা বেগমকে ও অর্থনৈতিক সাফল্যের জন্য কৈকেয়ী রাণীকে জয়িতার সম্মাননা দেওয়া হয়।

গাভী পালনের মাধ্যমে স্বাবলম্বিতার জন্য কাজল রেখা ও সামিনা বেগম এবং চা শ্রমিক হিসেবে সফলতার জন্য রাবি বেগম সম্মাননা পেয়েছেন। এরা সবাই তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা।

এছাড়া শিক্ষা বিস্তারে অবদানের জন্য আটোয়ারি উপজেলার দুলো বালাকে এবং পাটকল শ্রমিক হিসেবে সাফল্যের জন্য পঞ্চগড় সদরের আকতার বানুকে সম্মাননা দেওয়া হয়।

এর আগে একই স্থানে নবম ও দশম শ্রেণির ৬৫ জন ছাত্রী কৃষি উদ্যোগ বিষয়ে কর্মশালায় অংশ নেয়। পরে তারা তেঁতুলিয়া, জগদল, ধনীপাড়া ও আটোয়ারীতে মাঠ পরিদর্শন করে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের এই আয়োজনে সহায়তা করে কাজী শাহেদ ফাউন্ডেশন। এতে মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একাত্তর টিভি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ও কেএসএফের প্রধান নির্বাহী মমতাজ ফারুকী চৌধুরী।

এদিকে দিবসটিতে সরকারি অডিটোরিয়ামে দুদিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা উদ্বোধন করা হয়েছে। এছাড়া সকালে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।