২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে পেট্রোল বোমা, নামতে গিয়ে যাত্রীর মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাসে হাতবোমা ও পেট্রোল বোমা হামলার পর নামতে গিয়ে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোববার বিকালে এ হামলায় পেট্রোল বোমার আগুনে বাসচালক সামান্য দগ্ধ হলেও বাসে আগুন ধরেনি।

এদিকে এ হামলায় জড়িত অভিযোগে স্থানীয়রা ছয় জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা সবাই শিবিরকর্মী বলে দাবি পুলিশের।

আহত ছয় ‘হামলাকারীকে’ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাসচালক আব্দুল বারিককে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিটুনির শিকার ছয় জন হলেন, জয়পুরহাট সদরের হিচমী দক্ষিণপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসাদুল্লাহ (২৫), সগুনা গ্রামের রমজান আলীল ছেলে হাসান (২৫), মাধবপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর আলম (২৬), আক্কেলপুর উপজেলার ভানুকান্দা গ্রামের রেজাউল করিমের ছেলে সাকোয়াত হোসেন সোহেল (২৬), নওগাঁর বদলগাছীর রসুলপুর গ্রামের প্রয়াত রেজাউল করিমের ছেলে আব্দুল খালিদ ও পত্নীতলার চক সহবদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে ছানাউর রহমান (২৬)। 

ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে ক্ষেতলালের ইটাখোলা বাজার থেকে যাত্রীবাহী একটি বাস মোলামগাড়ী হাটের উদ্দেশে যাচ্ছিল।

পথে করিমপুর এলাকায় দুটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে বাসকে লক্ষ্য করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং এরপর একটি পেট্রোল বোমা মারে।

ওসি জানান, এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে আটকে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং তিন জনকে পিটুনি দেয়।

অপরদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সংবাদে নিশ্চিন্তা বাজারে আরেকটি মোটরসাইকেল আটকে তার তিন আরোহীকে পিটুনি দেয়।

পরে খবর থানা পুলিশ তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ওসি মনিরুল।

তিনি আরও বলেন, পেট্রোল বোমা হামলার পর আতঙ্কে বাসের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন উজ্জ্বল নামের এক যাত্রী।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। উজ্জ্বল জয়পুররহাট শহরের চিত্রাপাড়ার ভূপেন চন্দ্রের ছেলে।

ওসি আরও জানান, শিবিরকর্মীদের ছোড়া এই পেট্রোল বোমাটি বাস চালকের ডান হাতে লাগে। এরপর তা নীচে পড়ে যায়। এতে চালক আব্দুল বারিকের ডান হাত দগ্ধ হয়। তবে, বাসে আগুন ধরেনি।

বারিক জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী হাটের জাইফল মন্ডলের ছেলে।

জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।