২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচনে ৪৬ প্রতীক

সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য আলাদা প্রতীক সংরক্ষণের ধারাবাহিকতার শেষ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪৬টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

সম্প্রতি ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্বাচন বিধিমালায় সংশোধনী এনে গেজেট জারি করা হয়েছে।

এসব প্রতীকের মধ্যে চেয়ারম্যান পদে ১৪টি, ভাইস চেয়ারম্যান পদে ১২টি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০টি এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০টি প্রতীক প্রার্থীদের বরাদ্দ দেওয়া হবে।

চেয়ারম্যানের পদের প্রতীকগুলো হচ্ছে- আনারস, কাপ-পিরিচ, চিংড়ি মাছ, মোটর সাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াত-কলম, ব্যাটারি, হেলিকপ্টার, ফেজ টুপী, মুকুট, জোড়া ফুল, হাঙ্গর ও নারিকেল জোড়া।

ভাইস চেয়ারম্যান পদে প্রতীক সংরক্ষণ করা হয়েছে- আইসক্রিম, উড়োজাহাজ, গ্যাস সিলিন্ডার, চশমা, টাইপ রাইটার, টিউবওয়েল, টিয়া পাখি, তালা, পালকি, বই, বৈদ্যুতিক বাল্ব ও মাইক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সংরক্ষিত প্রতীক হচ্ছে- প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্ম ফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন।

এবং সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য সংরক্ষিত প্রতীকের মধ্যে রয়েছে- টেবিল, মোরগ, পেঁপে, বালতি, হরিণ, চাঁদ, ঢেঁকি, খরগোস, বক ও গিটার।

এর আগে উপজেলা পরিষদের চারটি পদে ৪০টি প্রতীক ছিল।

ইসির উপ সচিব আবদুল অদুদ জানান, নতুন প্রতীক যোগ ও আলাদা আলাদা সংরক্ষিত প্রতীক নিয়ে ইসির মোট প্রতীক দাঁড়িয়েছে ২১৩টি। এরমধ্যে সংসদের ৬৫টি;  সিটি করপোরেশন, পৌরসভা ও ইউপি’র ৩৪টি করে এবং উপজেলার ৪৬টি প্রতীক রয়েছে। আগে ইসির সংরক্ষিত প্রতীক ছিল ১৪০টি।

উপজেলায়ও লটারি প্রথা বাদ

স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার সঙ্গে সমন্বয় রেখে উপজেলা পরিষদ নির্বাচনেও সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে পুনভোটের বিধান করা হয়েছে।

গত ২ মার্চ গেজেট হওয়া সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই বা ততোধিক প্রার্থী সমান ভোট পেলে তাদের মধ্যে পুনভোটের ব্যবস্থা করবেন রিটার্নিং কর্মকর্তা। আগে উপজেলায় সমান ভোটধারীদের মধ্যে লটারির বিধান ছিল।