বিদেশিদের পরামর্শে বাংলাদেশ চলবে না: শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশের জনগণের মতামত ও সংবিধান উপেক্ষা করে বিদেশিদের পরামর্শে সরকার রাষ্ট্র পরিচালনা করবে না।
রোববার মাদারীপুরে সাংবাদিক ও লেখক ইয়াকুব খান শিশিরের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দুই মাস ধরে বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ আর হরতালে নাশকতার মধ্যে রাজনৈতিক অস্থিরতা প্রশমনে সরকারকে সংলাপের তাগিদ আসছে কূটনীতিকদের পক্ষ থেকে।
সেদিকে ইঙ্গিত করে শাজাহান খান বলেন, “দুই লক্ষ মা-বোন সম্ভ্রম দিয়ে যে দেশ স্বাধীন করেছে, সেই দেশে জনগণের মতামত ও সংবিধান উপেক্ষা করে বিদেশিদের পরামর্শে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটা কোনোভাবেই হবে না।
“বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষই সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার।”
মন্ত্রী নাশকতা ও সন্ত্রাসের সমালোচনা করে বলেন, “আমাদের সমস্যা আমরাই সমাধান করব। সেই সঙ্গে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাব।”
এ সময় জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
