সুন্দরবনে ‘ডাকাতির প্রস্তুতি’, গ্রেপ্তার ২
সুন্দরবনে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বাগেরহাটের শরণখোলায় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শরণখোলা থানার ওসি মো. রেজাউল করিম জানান, শনিবার গভীর রাতে উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার দুপুরে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, দুটি রামদা, দুটি গুলি ও গুলির দুটি খালি খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বকুলতলা গ্রামের এজেম্বর হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৩৫) ও সোনাতলা গ্রামের প্রয়াত হিংগুল উদ্দিন হাওলাদারের ছেলে কদম আলী হাওলাদার (৫৫)।
ওসি রেজাউল আরও বলেন, মিন্টু ও কদম আলীসহ ৫/৬ জন সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে শনিবার রাত ২টার দিকে বকুলতলা গ্রামে অভিযানে যায় পুলিশ।
সেখানে মিন্টুকে দুটি রামদাসহ হাতেনাতে গ্রেপ্তার করলেও তার সঙ্গে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায়।
পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী সোনাতলা গ্রামের বাড়িতে লুকিয়ে রাখা একটি বিদেশি কাটা বন্দুক, বন্দুকের দুটি গুলি এবং পাঁচটি খালি খোসাসহ কদম আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শরণখোলা থানার এসআই গাজী ইকবাল বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করার পর রোববার দুপুরে আদালতে হাজির করা হয়।
