বুড়িগঙ্গায় বিচ্ছিন্ন মস্তকসহ লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে রসুলপুর ঘাটের কাছে হোসেন আলীর (৬০) মস্তকবিহীন ভাসমান লাশ পাওয়া যায়। পরে এর দুশ গজ দূরে পাওয়া যায় তার মাথা।
নিহত হোসেন আলী উপজেলার রুহিতপুর ইউনিয়নের মোগারচরের বাসিন্দা। তিনি বুড়িগঙ্গা নদীর বরিশুর ঘাটের খেয়া নৌকার মাঝি ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১টার দিকে রসুলপুর ঘাটের কাছে ভাসমান লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশটি মস্তকবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। তার পায়েও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ছেলে রুবেল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি মজিবুর।
নিহতের ছেলে মো. রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে হোসেন আলী বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
এ ঘটনায় রোববার সকালে রুবেল বাদী হয়ে বাবার নিখোঁজের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন।
দুপুরে পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ সনাক্ত করেন বলে জানান তিনি।
