চট্টগ্রাম মহানগর জামায়াত প্রধান গ্রেপ্তার
অবরোধের মধ্যে নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোররাতে নগরীর হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান।
তিনি বলেন, ভোররাত সাড়ে ৩ টার দিকে আহসান উল্লাহকে গ্রেপ্তারের পর হালিশহর থানার ইসলামী ছাত্রশিবিরের স্কুল বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শোভনকেও (২২) ধরা হয়।
হালিশহরের কে-ব্লক এলাকা থেকে শোভনকে গ্রেপ্তার করা হয়।
জামায়াত নেতা আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতার দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি নাশকতার মামলা আছে।
“জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব। শিবির নেতা শোভনের বিরুদ্ধে হালিশহর ও ডবলমুরিং থানায় কয়েকটি নাশকতার মামলা আছে,” বলেন পুলিশ কর্মকর্তা আরাফাত।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, নগরীর ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি আহসান উল্লাহ।
“ওই মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি পলাতক থাকায় আদালতের নির্দেশে গত ১২ ফেব্রুয়ারি বাকলিয়ার রসুলবাগ খাল পাড় এলাকায় তার বাসার মালামাল জব্দ করা হয়।”
২০১২ সালের ৯ নভেম্বর নগরীর ২ নম্বর গেইট এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় ওই মামলাটি করা হয়।
জামায়াত নেতা আহসান উল্লাহ এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশের ওপর হামলা, ভাংচুর ও বিস্ফোরণের ঘটনায় করা আরও একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
নগরীর ওমর গণি এমইএস কলেজে ইসলামের ইতিহাস বিভাগে পড়াতেন আহসান। কয়েক বছর আগে তিনি অবসর গ্রহণ করেন।
