২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতকর্মী গুলিবিদ্ধ

রাজশাহীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

পুলিশ বলছে, গুলিবিদ্ধ নূরুল ইসলাম (৪৫) একজন জামায়াতকর্মী এবং নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে।

আহত অবস্থায় নূরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর রনহাট কবিরাজ পাড়ার সেকেন্দার আলীর ছেলে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, শুক্রবার গভীর রাতে নগরীর কাপাশিয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

“শুক্রবার জুমার নামাজের পর রনহাট এলাকা থেকে নূরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর পর তার দেওয়া তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে অস্ত্র-বোমা উদ্ধার ও নাশকতাকারীদের ধরতে মতিহার থানার কাপাশিয়া এলাকায় অভিযান চালানো হয়।”

“সেখানে জামায়াত-শিবির কর্মীরা নূরুলকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং বোমা ও গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।”

সংঘর্ষের সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে নূরুল বাঁ পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয় বলে পুলিশ কর্মকর্তা ইফতে খায়েরের দাবি।

নাশকতার অভিযোগে নূরুলের বিরুদ্ধে মতিহার থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।