নাশকতার আগুন টেলিফোন এক্সচেঞ্জে
বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতা রাজশাহীতে পুড়েছে আরও একটি টেলিফোন এক্সচেঞ্জ।
শনিবার ভোরে বাঘা উপজেলা টেলিফোন এক্সচেঞ্জে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি চারঘাট টেলিফোন এক্সচেঞ্জে আগুন দেওয়া হয়েছিল।
গত ৫ জানুয়ারি থেকে ২০ দলের লাগাতার অবরোধে শুরুতে সড়ক-মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া হলেও এখন রাজশাহী, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে সরকারি অফিসে আগুন দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
বাঘা টেলিফোন এক্সচেঞ্জের নৈশপ্রহরী সেন্টু সাংবাদিকদের বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ভবনের দ্বিতীয়তলা থেকে পোড়া গন্ধ পেয়ে নিচে নেমে সার্ভার কক্ষে আগুন দেখেন তিনি।
নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, টেলিফোন এক্সচেঞ্জের নিচ তলার দক্ষিণ পাশের একটি জানালার কাঁচ ভাঙা রয়েছে। ওই জানালার পাশে একটি বোতল পাওয়া গেছে, যাতে পেট্রোল ছিল।
“এতে মনে হচ্ছে, জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে।”
নাশকতাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে ওসি জানান।
বিটিসিএলের রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মান্নান বলেন, আগুনে এক্সচেঞ্জের ৪৮টি ব্যাটারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও জানালা-দরজাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের পর থেকে ওই এক্সচেঞ্জের সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সংযোগগুলো সচল ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকৌশলী পাঠানো হয়েছে বলে জানান মান্নান।
চারঘাটে টেলিফোন এক্সচেঞ্জে আগুন দেওয়ার পাশাপাশি গত ২৪ ফেব্রুয়ারি ওই উপজেলায় ভূমি অফিসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ২৬ ফেব্রুয়ারি বাঘা ভূমি ও শিক্ষা অফিসেও একইভাবে আগুন দেওয়া হয়।
শুক্রবার রাতে নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেওয়া হয়। তার আগের রাতে লক্ষ্মীপুরে পাহারারত গ্রাম পুলিশ সদস্যকে বেঁধে লক্ষ্মীপুরে একটি ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এরও আগে আগুন দেওয়া হয় ফেনীতে।
