কুমিল্লায় ২৫টি পেট্রোল বোমা উদ্ধার
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধে নাশকতার মধ্যে কুমিল্লায় ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।
সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে শনিবার প্রথম প্রহরে বোমাগুলো উদ্ধার হয় বলে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুতুপা এলাকায় রাস্তার পাশে ২৫টি পেট্রোল বোমা পাওয়া যায়। নাশকতার জন্য দুষ্কৃতকারীরা এগুলো তৈরি করেছিল।”
তবে এই পেট্রোল বোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি সীমান্ত রক্ষী বাহিনী।
ফাইল ছবি
গত ৫ জানুয়ারি থেকে ২০ দলের লাগাতার অবরোধের মধ্যে সড়ক-মহাসড়কে পেট্রোল বোমা ছুড়ে গাড়িতে আগুন ধরানো হচ্ছে। এতে অর্ধশতাধিক মানুষ ইতোমধ্যে মারা গেছেন।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেট্রোল বোমা হামলায় একটি বাসের সাত যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে পেট্রোল বোমা উদ্ধার করা হচ্ছে।
