২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকচাপায় চার জনের মৃত্যু

বগুড়া সদর উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 12:17 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘোপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানিয়েছেন।

নিহতরা হলেন- বাঘোপাড়া এলাকার গৃহবধূ শান্ত (৪৫), তার মেয়ে আফরোজা বেগম, আফরোজার সাত বছরের ছেলে বিশাল এবং তাদের রিকশাচালক লয়া মিয়া (৩৫)।

এ ঘটনায় আহত আরো সাতজনকে স্থানীয় টি এম এস এস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাঘোপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম জানান, রড বোঝাই রংপুরগামী একটি ট্রাক বাঘোপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা করে দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি রিক্সা ও একটি ভ্যানকে চাপা দেয়। এরপর একটি দোকানের উপর উঠে পড়ে ট্রাকটি।

ট্রাকচাপায় রিকশাআরোহী শান্ত, তার মেয়ে ও নাতি এবং চালক ঘটনাস্থলেই মারা যান বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আহমেদ জানিয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন।

ঘটনার পর ওই মহাসড়ক আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টা দুয়েক পর সড়ক ছেড়ে যান তারা।