‘দেশকে পাকিস্তানের পর্যায়ে নিতে এই আন্দোলন’
সশস্ত্র উগ্র মৌলবাদীদের সঙ্গে লড়াইয়ে টালমাটাল পাকিস্তানের পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যেতে খালেদা জিয়া সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুক্রবার আওয়ামী লীগের এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ছয় বছরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অপরদিকে বেগম খালেদা জিয়ার পিয়ারে পাকিস্তান ধ্বংসের দ্বারপ্রান্তে। পাকিস্তানের এহেন অবস্থায় বেগম জিয়া বেজায় অসন্তুষ্ট।
“তাই তিনি চাচ্ছেন বাংলাদেশে যত উন্নয়ন-অগ্রগতি হয়েছে তা ধ্বংস করে পাকিস্তানের পর্যায়ে নিতে। এজন্যেই হরতাল-অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে, একাত্তরের পাক হায়েনাদের অনুকরণে জ্বালিয়ে বাঙালিদের হত্যা করা হচ্ছে।”
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ-হরতালে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।
এই আন্দোলনের প্রথম দেড় মাসেই এক লাখ ২০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে ‘পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে, সম্পদের ক্ষতি করে’দেশকে ‘পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে’লিপ্ত রয়েছে বলে প্রধানমন্ত্রীও অভিযোগ করেছেন।
১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর স্বাধীনতার সাড়ে চার দশকে বাংলাদেশের আর্থ-সামাজিকসহ সব ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে।
অন্যদিকে কয়েক বছর ধরে ধর্মীয় উগ্রবাদীদের হামলায় প্রাণহানির পাশাপাশি তাদের সামলাতে হিমশিম খাচ্ছে পাকিস্তান।
আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থার তথ্যেও এর প্রমাণ মিলেছে।
অষ্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের ‘বৈশ্বিক শান্তি সূচক’ অনুযায়ী তালেবানবিরোধী লড়াই থাকা পাকিস্তান ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এমনকি ভারতের চেয়ে কয়েক ধাপ এগিয়ে বাংলাদেশ।
সংস্থার ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক শান্তি সূচকে ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম।
ওই সূচকে ১৫৪তম অবস্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে প্রতিবেদনে বলা হয়।
শান্তি ও স্থিতিশীলতা ছাড়াও মানব উন্নয়নের বিভিন্ন দিকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ২০১৪ সালের যে মানব উন্নয়ন সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের অবস্থান ১৮৭টি দেশের মধ্যে ১৪২ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান পাকিস্তান ১৪৬ নম্বরে।
প্রত্যাশিত আয়ু, স্বাক্ষরতা, শিক্ষা এবং মাথাপিছু আয়ের ভিত্তিতে করা ওই প্রতিবেদনে ‘দ্রুত এগিয়ে চলা’ ১৮ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে জাতিসংঘ।
ফাইল ছবি
ওয়াশিংটনে ওই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জোটসঙ্গী জামায়াতে ইসলামীর ‘আপত্তিতেই’ গত বছর ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আসেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
“জামাতের ধারণা ছিল, ওই নির্বাচনে অংশ নিয়ে ভরাডুবি হলে যুদ্ধাপরাধের বিচার বানচাল করা সম্ভব হবে না।”
বিএনপি-জামায়াতের আন্দোলন দেশের মানুষ বর্জন করেছে বলে দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ওয়াশিংটন কমিটির সভাপতি শাহজাহান মাহমুদ, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকী, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজসহ কয়েক বক্তব্য দেন।
সাংগঠনিক কার্যক্রমের জন্য গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রে আসেন মোজাম্মেলন হক। শনিবার নিউ ইয়র্কে এবং মঙ্গলবার যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে যোগ দেবেন তিনি। মাঝে রোববার যুক্তরাষ্ট্র প্রবাসী গাজীপুর জেলা সমিতির এক অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
