রাজধানীতে দুই গাড়িতে আগুন
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার সকাল ৯টার পর প্রায় একই সময়ে যাত্রাবাড়ীর রায়েরবাগ ও গুলিস্থানের ফুলবাড়িয়ায় এ দুটি নাশকতা ঘটানো হয়। তবে কেউ হতাহত হননি।
যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানান, সকালে রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনের সড়কে যানজটের মধ্যেই দুর্বৃত্তরা বিআরটিসির একটি বাসে আগুন দেয়।
ঢাকামুখী বাসটিতে সে সময় যাত্রী থাকলেও তারা সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
প্রায় একই সময়ে গুলিস্থানের ফুলবাড়িয়া টার্মিনালে নগর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
যাত্রীবেশে এসে এই নাশকতা ঘটানো হয় বলে পল্টন থানার ওসি মোরশেদ আলমের ধারণা।
ফায়ার সার্ভিস নিয়ান্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, তাদের দুটি ইউনিট রায়েরবাগ ও ফুলবাড়িয়া গিয়ে আগুন নেভায়।
প্রায় দুই মাস ধরে চলতে থাকা লাগাতার অবরোধের পাশাপাশি রোববার থেকে নতুন করে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই হরতালের আগে শনিবার রাজধানীতে একটি টেলিভিশন স্টেশনের গাড়িসহ মোট ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়।
