২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি তৎপরতা নেই খালেদার কার্যালয়ে

দুর্নীতির দুই মামলায় পরোয়ানা জারির পর খালেদা জিয়ার গ্রেপ্তার নিয়ে গুঞ্জন শোনা গেলেও তার কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা নেই, যেখানে প্রায় দুই মাস ধরে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2015, 12:32 AM

Updated : 25 Apr 2022, 01:04 PM

এরই মধ্যে সেজ বোন ও ছোট ভাইয়ের স্ত্রী দেখা করে গেছেন তার সঙ্গে।

কার্যালয়ের সামনে অবস্থানরত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের প্রধান রাজনৈতিক প্রতিবেদক জানান, রাতে কার্যালয়ের মূল ফটকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেছে। তাছাড়া চেয়ার টেবিল নিয়ে আগের মতোই বসে থাকতে দেখা গেছে এসবির কয়েকজন সদস্যকে।

তবে ৮৬ নং সড়কের দুই মোড়ে কাঁটাতারের বেষ্টনী বসিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

কার্যালয় থেকে ৩০ গজ দূরে সাদা মাইক্রোবাসে গোয়েন্দা পুলিশের একদল সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখো গেছে বলে জানান সুমন মাহমুদ।

তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুপুর ২টায় ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেখানে দুই ঘণ্টা থেকে তিনি চলে যান। পরে সন্ধ্যায় সেজ বোন সেলিমা ইসলাম যান সেখানে।

গুলশান কার্যালয়ে সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আদালতের আদেশের বিষয়ে কোনো নির্দেশনা এখনো তাদের হাতে পৌঁছুয়নি।

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় সকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তিতে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৩ জানুয়ারি পুলিশের বাধায় কার্যালয় থেকে বের হতে না পারে সেখানে অবস্থান নেন বিএনপি চেয়ারপারসন।

এরপর ওই কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে পুলিশ। কয়েকদিন বাদে পুলিশি বেষ্টনি সরিয়ে নেওয়া হলেও কার্যালয় ছাড়েননি খালেদা। মালয়েশিয়া থেকে ছোট ছেলে আরাফাত রহমানের লাশ এলে কার্যালয়ে থেকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি।

কয়েকদিন ওই কার্যালয়ে নেতা-কর্মীদের ঢোকা-বের হওয়া অবাধ হলেও ১১ ফেব্রুয়ারি থেকে ফের নিয়ন্ত্রণ করছে পুলিশ। সেখানে খাবার ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। মাঝে একবার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। 

খালেদা জিয়ার স্বজন ছাড়া আর নেতা-কর্মীদের কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না পুলিশ।