২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিদগ্ধদের সহায়তা

চলমান অবরোধ-হরতালে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ ও হাতবোমায় আহত ২১ জনকে অর্থ সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 08:47 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ সহায়তা দেওয়া হয়।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ পাঁচজনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। 

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের পক্ষ থেকে হাতবোমা হামলায় আহত ১৬ জনকেও সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের উপ-পরিচালক শেখ সাহাবুদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. স্বরুপ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা. মো. এস খালেদ ও বার্ন ইউনিটের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মিশমা ইসলাম।