হালুয়াঘাটে পাঁচজনকে হত্যা: ১৩ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচ ব্যক্তিকে হত্যার ১৮ বছর পর ১৩ জনের যাবজ্জীবন ও দুই জনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক আমির উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাটের মানিক, সিরাজুল, রমজান, আবু তাহের, আব্দুস ছাত্তার, বারেক, আজিজুল, ফজলুল করিম, ছফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া ও আবুল খায়ের।
আদালত পুলিশের পরিদর্শক শহীদ শুকুরানা জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যোককে বিচারক ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত জসীম উদ্দিন ও রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ছাত্তার, মানিক ও রাজ্জাক পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার ৭৮ আসামিকে খালাস দিয়েছে। এছাড়া মামলা চলাকালে ১৪ আসামির মৃত্যু হয় বলে পরিদর্শক শুকুরানা জানান।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৭ সালে হালুয়াঘাট উপজেলার গরুহাটা গোপীনগর এলাকায় গরুর ধান খাওয়া নিয়ে বিবাদের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মোতালেব, আলমগীর, শাজাহান, আব্দুর রশীদ ও নুরুল ইসলাম নিহত হন।
পরে নিহত মোতালেবের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করলে তদন্ত শেষে পুলিশ ১০৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
